অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সবগুলো ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে সংসদ ভবনে দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে সব সংসদ সদস্যের কাছে অধ্যাদেশগুলোর কপি পাঠানো হয়েছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ে খুব বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম বৈঠকে প্রায় অর্ধেক অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। ওইদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি–এর প্রস্তাবে জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যা কণ্ঠভোটে অনুমোদন পায়।
সংসদীয় বিধি অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে পাস না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না। এ কারণে দ্রুত যাচাই-বাছাই শেষে বিল আকারে সংসদে উত্থাপনের প্রক্রিয়া চলছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ২৯ মার্চ সংসদ আবার বসবে এবং ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।
Leave a Reply
You must be logged in to post a comment.