১১ দলীয় জোট সরকার গঠন করলে জুলাই গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তি যদি আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে, তাহলে জুলাইয়ের মতোই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। কিন্তু আগামী দিনে কারা রাষ্ট্রক্ষমতায় আসবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ—কোনো আধিপত্যবাদী শক্তি নয়।
সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এ ধরনের দ্বিমুখী আচরণ জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষে সারাদেশে এখন গণজোয়ার তৈরি হয়েছে। ২৪-এর ঐতিহাসিক বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর পুরোনো, বস্তাপচা রাজনীতি কিংবা পরিবারতন্ত্রে ফিরে যেতে চায় না।