লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইসরাইলের বিরুদ্ধে দেশজুড়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) লেবাননে এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো অবস্থাতেই হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না এবং ইসরাইলের আকাশ, স্থল ও নৌ আগ্রাসন বন্ধ করতে হবে।
কাসেম বলেন, ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইল লেবাননের ওপর আগ্রাসন থামায়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি লেবাননের দক্ষিণ অংশ ইসরাইলের দখলে চলে যায়, তবে আর কোনো অংশ অবশিষ্ট থাকবে না। দেশের স্বার্থে সবাইকে এখনই ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখ দাঁড়াতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ইসরাইল-মার্কিন প্রকল্পের অংশ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল প্রায় প্রতিদিন লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসনের কয়েক দিনের মধ্যে হিজবুল্লাহ-ইসরাইল সংঘাত শুরু হয়। এক বছর পর ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও তা লঙ্ঘিত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হামলায় লেবাননে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিকসহ ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাতবিষয়ক পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, গত এক বছরে লেবাননজুড়ে ইসরাইল প্রায় ১,৬০০টি হামলা চালিয়েছে।