দেশে হঠাৎ করে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে চিকিৎসক ও অভিভাবকদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়াই এর প্রধান কারণ।
চিকিৎসকদের মতে, শিশুদের ৯ থেকে ১৫ মাস বয়সের মধ্যে যে টিকা দেওয়ার কথা, তা অনেক ক্ষেত্রেই ঠিকভাবে নিশ্চিত করা যায়নি। এর সঙ্গে অভিভাবকদের কিছুটা অবহেলাও পরিস্থিতিকে জটিল করেছে।
রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরেই ৬০০-র বেশি শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগের বিষয় হলো—আক্রান্তদের বেশিরভাগের বয়সই ৯ মাসের কম, অর্থাৎ তারা এখনো নির্ধারিত টিকা নেওয়ার উপযুক্ত বয়সে পৌঁছায়নি।
চিকিৎসকরা আরও জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে। কিছু ক্ষেত্রে টিকা নেওয়ার পরও সংক্রমণ দেখা গেলেও তা তুলনামূলক কম জটিল হয়।
পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিভাগীয় শহরগুলোর হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা প্রস্তুত রাখা হচ্ছে এবং দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ইউনিসেফ-এর মাধ্যমে নতুন টিকা আনার প্রক্রিয়াও চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.