ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
তিনি জানান, দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে শনিবার রুবেলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা। রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ডের আবেদন করা হয়।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান রুবেলের জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করেন।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় হাদিকে। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে।