1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে নির্ভর করছে বিদেশে চিকিৎসা

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

ডা. মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে এবং অক্সিজেনের স্বল্পতা ছিল। গুলিটি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে। শুরুতে কিডনি কাজ না করলেও পরে তা কিছুটা স্বাভাবিক হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন এবং ফুসফুসের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরও জানান, খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ রক্তনালির পাশ দিয়েই গুলি অতিক্রম করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অপসারণ করা হয়েছে।

বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, হাদির কেস সামারি সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে সাড়া পাওয়া গেলে পরিবার পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে এখনো কোনো হাসপাতাল চূড়ান্তভাবে সাড়া দেয়নি, সম্ভবত তারা কেস সামারি বিশ্লেষণ করছে।

হাদির বর্তমান জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) সম্পর্কে জানতে চাইলে ডা. আহাদ বলেন, অপারেশনের আগের মতোই এখনো জিসিএস তিনে অবস্থান করছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরইমধ্যে শনিবার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss