ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনার ৫০ দিন পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার পরিবার ও সহকর্মীরা। বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, নিহত শরীফ ওসমান হাদির স্ত্রীসহ সংগঠনটির একাধিক সদস্য। তারা জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে বলেন,
‘হাদি হত্যার ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চাই। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সব সময় সহযোগিতা করেছে। কিন্তু আমাদের ন্যায়বিচারের দাবিতে সবাই যেন হাত গুটিয়ে নিয়েছে—এমনটাই আমাদের মনে হচ্ছে।’
হত্যাকাণ্ডের বিবরণ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। তবে তদন্ত প্রতিবেদন একাধিকবার পেছানোয় এখনো মূল রহস্য উদঘাটন হয়নি।
নিহতের পরিবার ও ইনকিলাব মঞ্চের নেতারা বলছেন, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় না আনা হলে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে। তারা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শুরু করে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.