সৌদি আরবের সীমান্তবর্তী ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রদেশটির সৌদি-সমর্থিত গভর্নর বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর মধ্যে এই লড়াই শুরু হয়েছে।
এসটিসির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সৌদি আরব সীমান্তের কাছে তাদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। তবে হাদরামাউতের গভর্নর সালেম আল-খানবাশি এই অভিযোগ অস্বীকার করে বলেন, এসটিসির দখলে থাকা সামরিক ঘাঁটিগুলো শান্তিপূর্ণ ও পরিকল্পিতভাবে পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এটি কোনো আগ্রাসী অভিযান নয়; বরং প্রদেশে সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।
এই সংঘর্ষের ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন কয়েকদিন আগেই সৌদি আরব ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এসটিসিকে অস্ত্র সরবরাহ করছে এবং গত মাসে দক্ষিণ ইয়েমেনের হাদরামাউত ও আল-মাহরা প্রদেশের কিছু অংশ দখলে নিতে উসকানি দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই নতুন সংঘর্ষ ইয়েমেন সংকটকে আরও জটিল করে তুলতে পারে এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যকার কূটনৈতিক উত্তেজনাও বাড়িয়ে দিতে পারে।