নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার লাগেজ থেকে অন্তত ৫০ লাখ টাকার বেশি টাকা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলার পুলিশ সুপার। উদ্ধারকৃত অর্থ বর্তমানে মেশিনে গণনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায় এবং তিনি পেশায় একজন শিক্ষক। তবে লাগেজে পাওয়া টাকার বিষয়ে তিনি দাবি করেন, এটি তার ব্যবসার অর্থ।
তিনি আরও বলেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং উদ্ধারকৃত টাকা সেই ব্যবসায়িক লেনদেনের অংশ। তবে এই বিপুল অঙ্কের অর্থ বহনের বৈধতা ও উৎস যাচাইয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।