সিরিয়ার সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা পরিচালিত হয়। ‘অপারেশন হক আই স্ট্রাইক’-এর আওতায় চালানো এ অভিযান গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার জবাব হিসেবে নেওয়া হয়েছে।
সেন্টকম জানায়, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ দমন এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা।
এক বিবৃতিতে সেন্টকম বলেছে,
“আমাদের বার্তা স্পষ্ট— যদি কেউ আমাদের যোদ্ধাদের ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের জবাবদিহির আওতায় আনব।”
সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী যৌথভাবে ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি নিখুঁত হামলা চালিয়েছে। অভিযানে এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানিয়ান এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহৃত হয়।
মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে এই অভিযানে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অংশ নেয়। তবে এই হামলায় হতাহতের কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।