আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার ভাষণ সম্প্রচার করবে।
এছাড়া আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সম্প্রচার হতে পারে।
এর আগে, গতকাল রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং তার আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।