ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় ছাত্রদল থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
হামিম জানান, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম-এর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকজপত্র দেখতে পান, যেখানে তার নাম উল্লেখ ছিল। বিষয়টি জানার পর বিভিন্ন শিক্ষার্থী ও সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ শুরু করেন।
শোকজের বিষয়ে জানতে তিনি দপ্তর সম্পাদককে ফোন করলে তিনিও কারণ জানেন না বলে জানান এবং বিষয়টি প্রেসিডেন্ট ও সেক্রেটারির সঙ্গে কথা বলতে পরামর্শ দেন।
পরে তিনি জানতে পারেন, গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করাই নাকি শোকজের কারণ।
হামিম বলেন, রোজা উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই আয়োজন করেছিলেন এবং এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল তাকে জিএস পদে মনোনয়ন দিয়েছিল এবং তিনি সাড়ে পাঁচ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।
শোকজপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে বা ব্যক্তিগতভাবে কোনো শোকজপত্র দেওয়া হয়নি। অথচ ফেসবুকে নোটিশ প্রকাশের কারণে সারা দেশের মানুষ তার কাছে জবাব চাইছেন।
লিখিত জবাব না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে হামিম বলেন, ব্যক্তিগতভাবে নোটিশ না পাওয়া পর্যন্ত তিনি কোনো লিখিত জবাব দেবেন না।
তিনি বলেন,
“আমার এই কাজের কারণে যদি ছাত্রদলের ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি বর্তমান প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছে ক্ষমা চাইছি। আর যদি মনে করা হয় আমার সঙ্গে অন্যায় হয়েছে, সে বিচার আমি সবার ওপর ছেড়ে দিচ্ছি। আমি সবসময় মনে করি— ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়।”
Leave a Reply
You must be logged in to post a comment.