হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী মোট নয়টি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুন লাগার পর থেকেই বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে।
চট্টগ্রামে অবতরণ করা আটটি ফ্লাইটের মধ্যে ছয়টি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি করে ফ্লাইট রয়েছে। রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটে নামতে বাধ্য হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছে বিমান, নৌবাহিনী ও বেবিচক। আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় কার্গো ভিলেজে, যেখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।