ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বর্তমানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা রয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশিত হওয়ায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কিছু নির্দেশনা জারি করেছে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি ঘোষিত বিকল্প রুটগুলো হলো—
মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন
গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট।
ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড)গামী যানবাহন
খেজুরবাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিং।
ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন
আসাদগেট–গণভবন ক্রসিং ইউটার্ন–লেক রোড–বিজয় সরণি–ফার্মগেট।
আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন
গণভবন ক্রসিং–লেক রোড–বিজয় সরণি হয়ে ফার্মগেট।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন
খেজুরবাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–আসাদগেট হয়ে ধানমন্ডি।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭গামী যানবাহন
শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭।
এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন
জানাজার সময় ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে এভারকেয়ার হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় পৌঁছে।