ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওমর বিন হাদিকে এই পদে নিয়োগের শর্ত হিসেবে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে যুক্তরাজ্যের বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথকভাবে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এই নির্দেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।