আগামীকাল ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে দেশব্যাপী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ফোর্সেস সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাত উপলক্ষে মুসল্লিরা মসজিদ, মাজার ও নিজ নিজ বাসায় ইবাদত-বন্দেগি, নফল নামাজ, দোয়া ও জিকিরের মাধ্যমে রাতটি পালন করবেন। ধর্মপ্রাণ মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ ইবাদত নিশ্চিত করতে র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
এ উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় উপাসনালয় ও জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিকভাবে শবে বরাত উপলক্ষে ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে র্যাবের নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।
র্যাব জানায়, ঢাকাসহ সারাদেশে ইউনিফর্মধারী টহল বৃদ্ধি করার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়াও শবে বরাত উপলক্ষে গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শবে বরাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী অপপ্রচার, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে। এসব অপতৎপরতা প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইনে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা প্রতিহত করতে র্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।
র্যাব জানায়, শবে বরাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে র্যাব ফোর্সেসসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি চোখে পড়লে র্যাবের কন্ট্রোল রুমের নম্বরে ০১৭৭৭৭২০০২৯ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং শবে বরাত সুন্দরভাবে পালনের স্বার্থে দেশের সব স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে র্যাব।