রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করেছে রাজউক। সোমবার (২৪ নভেম্বর) এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে হলে সংশ্লিষ্ট সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সামলানো কঠিন হয়ে পড়বে।
রিয়াজুল ইসলাম জানান, যথাযথ নিয়ম মেনেই সকল নির্মাণকাজের অনুমোদন দেয় রাজউক এবং এখানে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই। তিনি পরিষ্কারভাবে বলেন, রাজউক কোনো ভবনের নকশা তৈরি করে দেয় না; বাড়ির মালিকরাই নিজের ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে প্ল্যান তৈরি করিয়ে নিয়ম অনুযায়ী জমা দেন। কিন্তু অনেক ক্ষেত্রেই অনুমোদিত নিয়ম অমান্য করে ভবন নির্মাণ করা হয়, যার দায়ভার রাজউকের নয়। এ ধরনের নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানা বা শাস্তি দেওয়া হলে তা ভবনমালিকদের ওপরই বর্তাবে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদা আলাদা নীতিতে কাজ করায় নগর পরিচালনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সমন্বিত কাঠামো ছাড়া নিরাপদ নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয় বলে তিনি মনে করেন।