1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি!

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

আইপিএলে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েও শেষ পর্যন্ত বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজনৈতিক চাপের মুখে এমন সিদ্ধান্ত নেওয়ায় শুধু একজন ক্রিকেটার নয়, এর প্রভাব গিয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতি ও অর্থনীতিতেও। মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রীড়াসম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়, যা অনুষ্ঠিত হওয়ার কথা ভারত ও শ্রীলঙ্কায়।

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে প্রথমে পাকিস্তানও পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। পরে তারা সিদ্ধান্ত বদলে জানায়, তারা শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে। এই ধারাবাহিক সিদ্ধান্তের ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি।

কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল। কিন্তু তাকে না খেলানোয় এই পুরো অর্থই কার্যত মোস্তাফিজের জন্য লোকসানে পরিণত হয়েছে। তবে এর চেয়েও বহু গুণ বড় ক্ষতির মুখে পড়ছে আইসিসি ও বিসিসিআই। কারণ বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে এবং পাকিস্তান ভারত ম্যাচে মাঠে নামবে না।

ভারত–পাকিস্তান ম্যাচের নির্দিষ্ট বাজারমূল্য নির্ধারণ করা কঠিন হলেও সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও টিকিট বিক্রি মিলিয়ে রক্ষণশীল হিসাবেও এর মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১২০ কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারত–পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় ২৫ থেকে ৪০ লাখ রুপি দরে। শুধু একটি ম্যাচ থেকেই বিজ্ঞাপন বাবদ আনুমানিক ৩০০ কোটি রুপি আয় হয়। ম্যাচটি না হলে এই বিপুল অঙ্কের আয় থেকে বঞ্চিত হবে সম্প্রচার সংস্থাগুলো।

বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জিওস্টার আগেই লোকসানের কথা জানিয়ে আইসিসির কাছে অর্থ ফেরত চেয়েছে। ভারত–পাকিস্তান ম্যাচ বাতিল হলে এই দাবি আরও জোরালো হতে পারে। আইসিসির হিসাব অনুযায়ী, বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অভ্যন্তরীণ বাজারমূল্য প্রায় ১৩৮.৭ কোটি রুপি।

এদিকে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছে বিসিবিও। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্ভাব্য আয় থেকে প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা) কমে যাবে।

সব মিলিয়ে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু একজন ক্রিকেটারের নয়—এটি আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতি ও অর্থনীতিতে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ৯ কোটি টাকার ক্ষতি যেখানে মোস্তাফিজের, সেখানে আইসিসি ও বিসিসিআইয়ের সম্ভাব্য ক্ষতি হাজার কোটি টাকার ঘরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss