আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে এবার সম্মান জানালো যুক্তরাষ্ট্রের মায়ামি শহর। শহরের প্রতীকী ‘চাবি’ তুলে দেয়া হয়েছে তার হাতে। মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ নিজ হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন মেসির হাতে।
২০২৩ সালে পিএসজি ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে যোগ দেন মেসি। তখন থেকেই মায়ামিকে যেন নিজের দ্বিতীয় ঘর বানিয়ে নিয়েছেন ফুটবলের এই মহাতারকা। এবার সেই সম্পর্কই আরও দৃঢ় হলো এই বিশেষ সম্মাননায়।
মায়ামির একটি বিজনেস ফোরামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জ মাস। তিনিই মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী চাবিটি তুলে দেন। তিনি বলেন,
“এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ভালোবাসার ছোট্ট উপহার।”
মেসি সম্মান পেয়ে আবেগভরে বলেন,
“আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।”
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। এ প্রসঙ্গে মেসি বলেন,
“আমি মনে করি, ১৯৯৪ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এবারও এটি হবে অসাধারণ। এটি ফুটবলের বিকাশের জন্য দারুণ সময়।”
এছাড়া নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন মেসি। তিনি বলেন,
“দুর্ভাগ্যজনকভাবে একসময় সবকিছুরই শেষ আসে। আমি নতুন কিছু শিখতে চাই, অন্য এক দুনিয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি।”