রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে মরদেহ শনাক্ত প্রক্রিয়া শেষ করে পুলিশ এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে।
চোখে শুকিয়ে যাওয়া কান্না, বুকভরা হাহাকার—সবকিছু নিয়েই সন্ধ্যার পর মর্গের সামনে জড়ো হন নিহতদের পরিবার। দীর্ঘ পাঁচ দিন পর অবশেষে তারা বুঝে পেলেন প্রিয়জনদের দেহাবশেষ।
প্রতিটি মরদেহ একে একে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভুক্তভোগী পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছে।
তবে, এক স্বজন অভিযোগ করে বলেন, তার মেয়ের স্বামীর মরদেহ পেলেও মেয়ের মরদেহ এখনো পাননি। মর্গে ডাকা হলেও সেখানে মেয়ের দেহ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন,
“আমাদের কাছে থাকা ১৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে কারখানায় উদ্ধার অভিযান এখনো চলছে। নতুন কোনো মরদেহ উদ্ধার হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বের হওয়ার পথ না থাকায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ জন শ্রমিক