মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছীব্রিজ সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের মিয়ানমার অংশ থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু হলে একটি গুলি বাংলাদেশের ভেতরে এসে ওই শিশুকে আঘাত করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্থানীয়রা সড়কে নেমে প্রতিবাদ জানান এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি তোলেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরেই বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলমান রয়েছে, যার প্রভাব সীমান্তবর্তী বাংলাদেশি এলাকাগুলোতেও পড়ছে।
উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় সীমান্তবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।