ওমেন’স এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ বি’তে বাংলাদেশ নারী ‘এ’ দল তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ দল মালয়েশিয়া নারী দলকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ৬১ রান করতে সক্ষম হয় মালয়েশিয়া।
লতা মণ্ডল এই ম্যাচে ব্যাট-বল দুটোতেই ঝড় তুলেছেন। ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলার পাশাপাশি তিনি ২ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।
তবে বাংলাদেশের শুরুটা সহজ ছিল না। প্রথম ওভারে ইশমা তানজিম আউট হন, ওপেনার রুবিয়া হায়দার ১১ বলে ১৪ রান করে বিদায় নেন। দলীয় ৪২ রানে রানআউট হন সুমাইয়া (০)। অষ্টম ওভারে শারমিন আক্তার ২৫ বলে ৩০ রান করে আউট হন, তখন স্কোর ৫২ রানে ৪ উইকেট।
এরপর লতা মণ্ডল ও অধিনায়ক ফাহিমা খাতুন ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ফাহিমা ২৪ বলে ২৯ রান করেন, দলীয় ১০৭ রানে আউট হন। সাদিয়া আক্তার ১১ বলে ২ ছক্কায় ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। লতা শেষ পর্যন্ত ৪৪ বলে ৪৮ রান করে আউট হন।
মালয়েশিয়ার পক্ষে নুর দানিয়া ২টি, আইনা হামিজাহ, নুর আরিয়ানা, মাহিরাহ ইজ্জতি ও মাস এলিসা ১টি করে উইকেট নেন।
বোলিংয়ে বাংলাদেশের ফাতেমা জাহান ৪ ওভারে ১০ রানে ৩টি উইকেট নেন। শরিফা খাতুন ২টি, ফারজানা ইয়াসমিন, ইশমা ও লতা ১টি করে উইকেট শিকার করেন। মালয়েশিয়ার নুর আরিয়ানা ২৪ বলে ৩ চারে ২২ রানে অপরাজিত থাকেন; অন্য কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
বাংলাদেশের এই জয়ের ফলে টাইগ্রেসরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.