1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

মাদুরোকে ‘অপরাধীর মতো’ হাঁটানোর ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি ‘র‍্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটির ওপর লেখা রয়েছে— ‘র‍্যাপিড রেসপন্স ৪৭: পার্প ওয়াক’, যা সাধারণত কোনো অভিযুক্ত ব্যক্তিকে জনসমক্ষে হাঁটিয়ে নেয়ার দৃশ্য বোঝাতে ব্যবহার করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হাঁটছেন। করিডোরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’, যা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে। ভিডিওতে মাদুরোকে সেখানে উপস্থিত এক ব্যক্তিকে ‘শুভ নববর্ষ’ জানাতেও দেখা যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের কড়া নিরাপত্তায় আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হচ্ছে। সিবিএস নিউজের বরাতে বিবিসি জানায়, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় তাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নিউইয়র্কের একটি বিমানঘাঁটিতে অবতরণের পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে আনা হয়। এরপর তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। সেখান থেকেই তাকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হবে।

নিউইয়র্কের এই কারাগারটি গুরুত্বপূর্ণ ও আলোচিত বন্দিদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকে এখানেই রাখা হয়েছিল।

উল্লেখ্য, কয়েক মাস ধরে চলা সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss