পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, অতীতে যেমন আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারেনি, তেমনি ভবিষ্যতেও গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আজ আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এই ঐক্যের মধ্য দিয়েই বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিচ্ছে। আগামী দিনের বাংলাদেশ হবে—‘সবার আগে বাংলাদেশ’। এই লক্ষ্যকে সামনে রেখে দেশ পরিচালনা করা হবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে সব রাজনৈতিক দল, সব মত ও সব ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। ঐক্যের শক্তিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
ভাষা আন্দোলনের অবদান স্মরণ করে তিনি বলেন, “১৯৫২ সালে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আর সেই মাথা উঁচু করেই আমরা অনন্তকাল দাঁড়িয়ে থাকবো।”
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকেই জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেন।