1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

মঙ্গলবার থেকে শুরু রমজানে টিসিবির পণ্য বিক্রি,কার্ডধারীরা পাচ্ছেন বিশেষ সুবিধা

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

রমজানকে সামনে রেখে বিশেষ বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি প্রতিদিন আরও ১ লাখ ৮০ হাজার মানুষ বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারীদের তুলনায় ট্রাকসেল থেকে পণ্য কিনলে প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি গুনতে হবে সাধারণ ক্রেতাদের।

নির্বাচনের পর রমজানকে ঘিরে রাজধানীর বাজারে বেচাকেনা বাড়তে শুরু করেছে। পণ্যমূল্য আপাতত বাড়ার প্রবণতা না থাকায় কিছুটা স্বস্তির কথা বলছেন ক্রেতা ও বিক্রেতারা। তারা জানান, বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৭৫ লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারাদেশে সাড়ে ৪শ’ ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। সংস্থাটির উপ-পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিন প্রায় ৪৫০টি ট্রাকের প্রতিটিতে ৪০০ জন করে পণ্য বিক্রি করা হবে।

প্রস্তাবিত দামে ট্রাকসেলে ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং চিনি ৮০ টাকায় বিক্রি হবে। তবে নিয়মিত স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্যের দাম আগের মতোই বহাল থাকবে।

মূল্য তালিকা অনুযায়ী, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল পাবেন ২০০ টাকায়। কিন্তু ট্রাকসেল থেকে একই পরিমাণ তেল কিনতে গুনতে হবে ২৩০ টাকা। একইভাবে চিনি ও ডালের ক্ষেত্রেও কেজিপ্রতি ১০ টাকা করে বেশি দাম দিতে হবে ট্রাকসেলে।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, “এসব পণ্য একই শ্রেণির মানুষের জন্য বিক্রি করা হচ্ছে। সেখানে দুই ধরনের দাম নির্ধারণ বৈষম্য তৈরি করবে, যা কোনোভাবেই কাম্য নয়।”

প্রতি ট্রাকে ৪০০ জন হিসেবে দৈনিক সাড়ে ৪শ’ ট্রাক থেকে মোট ১ লাখ ৮০ হাজার মানুষ পণ্য কিনতে পারবেন। ২০ দিন ধরে চলা এই কার্যক্রমে মোট সুবিধা পাবেন ৩৬ লাখ মানুষ। ডাল, চিনি ও তেলের বাড়তি দামের কারণে প্রতি প্যাকেজে তাদের ৬০ টাকা বেশি দিতে হবে।

টিসিবির হিসাব অনুযায়ী, এভাবে ট্রাকসেলে বেশি দামে পণ্য বিক্রির ফলে স্মার্ট ফ্যামিলি কার্ডের তুলনায় ২০ দিনে সরকারের ভর্তুকি ব্যয় কমবে প্রায় ২১ কোটি ৬০ লাখ টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, নিম্নবিত্ত জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে দুই রকম দামে পণ্য বিক্রি করলে সরকারের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠতে পারে। ড. মাহফুজ কবিরের মতে, সরকার যে ভালো উদ্দেশ্যে ট্রাকসেল ও ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করেছে, দুই রকম দাম নির্ধারণ করলে তা নেতিবাচক বার্তা দিতে পারে। তাই উভয় ক্ষেত্রেই একই দাম নির্ধারণ করা উচিত।

এদিকে টিসিবি জানিয়েছে, বছরব্যাপী ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss