দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ কম্পন টের পান মানুষ।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা।
অন্যদিকে, ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২৬ কিলোমিটার নিচে।
এ বিষয়ে বাংলাদেশ মিটিওরোলজিকাল ডিপার্টমেন্ট জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে ৪.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল ঢাকা থেকে আনুমানিক ১৮৭ কিলোমিটার দূরে ছিল।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে সিলেট অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০।