নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। সেমিফাইনালের স্বপ্ন পূরণ না হলেও, শেষটা জয় দিয়ে রাঙাতে মুখিয়ে আছেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।
মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ।
বাংলাদেশ আগেও ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে — ঘরের মাঠে সিরিজ ড্র করার অভিজ্ঞতা এখনো তাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। যদিও ম্যাচটি প্রতিপক্ষের মাঠে, তবুও সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিং বিভাগ। বোলাররা প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখলেও, রান রেট ধরে রাখতে পারেননি ব্যাটাররা। জ্যোতি, ফারজানা ও সুপ্তাদের স্ট্রাইক রেট বাড়ানোর উপর জোর দিতে হবে এই ম্যাচে।
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে আছে ভারত। স্মৃতি মান্ধানা আগের ম্যাচে করেছেন সেঞ্চুরি, রান পেয়েছেন প্রতীকা রাওয়াল, ধারাবাহিক পারফর্ম করছেন জেমাইমা রদ্রিগেজ ও দেওলরা। বল হাতে দীপ্তি শর্মা ও রেনুকারাও আছেন চমৎকার ছন্দে।
যদিও শক্তিমত্তায় এগিয়ে ভারত, তবুও লড়াইটা দুই প্রতিবেশীর, তাই বাড়তি উন্মাদনা থাকছেই ম্যাচ ঘিরে। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া বাংলাদেশের মেয়েরা, আর ঘরের মাঠে জয় ধরে রাখতে চায় টিম ইন্ডিয়া।