আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে সেই চিঠির জবাবে পিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে—ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ তারা রাখতে পারছে না।
নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি সে প্রস্তাব গ্রহণ না করে বাংলাদেশকে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ দেয়। বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ‘এ’ গ্রুপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এ সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এসএলসির মতে, পাকিস্তান ম্যাচ না খেললে বোর্ডটির উল্লেখযোগ্য রাজস্ব ক্ষতি হবে এবং প্রত্যাশিত পর্যটন আয় থেকেও তারা বঞ্চিত হতে পারে।
চিঠিতে এসএলসি স্মরণ করিয়ে দেয়, অতীতে নিরাপত্তাজনিত কারণে যখন অনেক দেশ পাকিস্তানে সফর করতে অনিচ্ছুক ছিল, তখন শ্রীলঙ্কাই আন্তর্জাতিক ক্রিকেট সচল রাখতে পাকিস্তানে সফর করেছিল। তাদের ভাষায়, সংহতির অংশ হিসেবেই তারা তখন পাকিস্তানে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবনে ভূমিকা রাখে।
ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার আহ্বান জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বলেছে,
‘বিশেষ এই পরিস্থিতিতে দুই বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে আমরা আপনাদের ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার অনুরোধ জানাচ্ছি।’
তবে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি শ্রীলঙ্কার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ডের এক কর্মকর্তা বলেন,
‘হ্যাঁ, আমরা চিঠি পেয়েছি। কিন্তু এ সিদ্ধান্ত আমাদের সরকারের। আমরা সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই রয়েছে।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এরপর ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারত মাঠে নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
Leave a Reply
You must be logged in to post a comment.