বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং তা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।
বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর মার্কিন কনস্যুলার অফিসে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, চলমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে এবং এই সময়ে তালিকাভুক্ত ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন গ্রহণ না করতে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন,
‘ভিসা প্রক্রিয়াকরণে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। যেসব বিদেশি নাগরিক ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন—তাদের প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত।’
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের নভেম্বরেই বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে অভিবাসন আইনের তথাকথিত “পাবলিক চার্জ” বিধান কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়া হলো।
এর আগে, গত বছরের জুনে ট্রাম্প প্রশাসন ৪৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। পাশাপাশি আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলোর বড় একটি অংশ আফ্রিকা ও এশিয়ার।
নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, রাশিয়া, মিশর, ইরাক, সিরিয়া, লেবানন, নাইজেরিয়া, সোমালিয়া, সুদানসহ মোট ৭৫টি দেশ।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত অভিবাসনপ্রত্যাশী ও শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করবে।