ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ লক্ষ্য বাস্তবায়নে দেশজুড়ে একটি সমন্বিত ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হয়। দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারের প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার রয়েছে।
দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে তৃতীয় অধ্যায়ে অর্থনৈতিক সংস্কার ও পুনর্গঠনের রূপরেখা তুলে ধরা হয়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে।
চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা বলা হয়েছে। রাজধানীকেন্দ্রিক উন্নয়নের প্রবণতা কমিয়ে প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের অবকাঠামো, শিল্প ও সেবা খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সবশেষ পঞ্চম অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সংহতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, তরুণ সমাজকে ক্রীড়া ও সংস্কৃতিতে সম্পৃক্ত করা এবং সামাজিক ঐক্য জোরদারের অঙ্গীকার তুলে ধরা হয়েছে ইশতেহারে।
রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, বৈষম্যহীন উন্নয়ন এবং সামাজিক সংহতিই বিএনপির ঘোষিত ইশতেহারের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিএনপি ঘোষিত পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার পড়তে এখানে ক্লিক করুন
Leave a Reply
You must be logged in to post a comment.