দীর্ঘদিন একাকী জীবন কাটানোর পর নতুন করে সংসার শুরুর ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবরে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল আগ্রহ ও শুভকামনার জোয়ার। তবে সেই সুখের অধ্যায় দীর্ঘস্থায়ী হলো না। বিয়ের এক বছরের মধ্যেই ভাঙনের পথে তাহসান–রোজার সংসার।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিয়ের কয়েক মাসের মধ্যেই এই দম্পতির সম্পর্কে টানাপড়েন শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন।
বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তিনি বলেন,
‘খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি।’
তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু বিভ্রান্তিকর ও ভুয়া খবর প্রকাশ পাওয়ায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন। তাহসান বলেন,
‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল, তাই জানাতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।’
উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। মাত্র চার মাসের পরিচয়ের পর ২০২৫ সালের ৪ জানুয়ারি তাদের বিয়ে হয়। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। দ্বিতীয় বিয়ের মাধ্যমে নতুন জীবনের পথে হাঁটলেও সেই অধ্যায়ও এবার বিচ্ছেদের দিকে গড়াল।