জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার—এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ অক্টোবর) জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসবে পরিণত হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। তিনি জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সাক্ষাতে রাষ্ট্রদূত লোটজ অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ ও জুলাই মাসের জাতীয় সনদের প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে দেখা সত্যিই ইতিবাচক এবং এটি গণতন্ত্রকে শক্তিশালী করছে।”
প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে বড় রাজনৈতিক দলগুলোকে একত্র করে জাতীয় সনদে স্বাক্ষর করানো ঐক্য ও পরিবর্তনের প্রতীক—যা জনগণের আস্থা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
এ সময় উভয়ে রোহিঙ্গা ইস্যু, উচ্চশিক্ষায় সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, “ইউরোপে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। নবনিযুক্ত রাষ্ট্রদূত এ সম্পর্ককে আরও সমৃদ্ধ করবেন বলে আমরা আশা করি।”