মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। এতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
মেক্সিকোর জাতীয় ভূকম্পতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী জনপ্রিয় পর্যটন নগরী আকাপুলকোর আশপাশে। ভূমিকম্পের পরপরই ৫০০টির বেশি আফটারশক অনুভূত হয়েছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আকাপুলকোর প্রায় ৫৭ মাইল উত্তর-পূর্বে পাহাড়ঘেরা গুয়েরেরোর র্যাঞ্চো ভিয়েজো এলাকার কাছে। ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।
ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম রাজধানীতে নিজের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নিচ্ছিলেন। হঠাৎ করেই সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠলে প্রেসিডেন্ট, সাংবাদিক ও উপস্থিত সবাই দ্রুত হলকক্ষ ত্যাগ করেন। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ব্রিফিং শুরু করেন প্রেসিডেন্ট।
ভূমিকম্পের ফলে গুয়েরেরো রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। আকাপুলকো ও আশপাশের মহাসড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে। রাজ্যের গভর্নর এভলিন সালগাদো জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে একটি ভবন ধসে ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
এছাড়া গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার স্বার্থে সেখান থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে, মেক্সিকো সিটিতে একটি ভবন খালি করার সময় পড়ে গিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ক্লারা ব্রুগাদা।
ভূমিকম্পের পরপরই মেক্সিকো সিটি ও আকাপুলকোর বিভিন্ন এলাকায় আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে। কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকি এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।