ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের পরদিন প্রথম বৈঠকে বসেছে নতুন মন্ত্রিসভা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে বেলা ১২টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের এক নম্বর ভবনে নিজের দপ্তরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন। নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে নির্ধারিত সময়ের আগেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে উপস্থিত হন।
নতুন সরকারের প্রথম কার্যদিবস হওয়ায় সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জন সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ২৫ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪১ জনই নতুন মুখ। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৬ জন। পূর্ণমন্ত্রীদের মধ্যে আগে বিএনপির বিভিন্ন সরকারের সময়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৯ জন।
Leave a Reply
You must be logged in to post a comment.