ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের সিদ্ধান্ত ও নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের জানান।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, সরকার ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। এই সময়ের মধ্যে গৃহীত কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। রমজান মাসে জনগণের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গণমাধ্যম কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জনগণ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে তা বাস্তবায়নে প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. নুরুল হক নুর বলেন, দুর্নীতিমুক্ত থেকে দৃশ্যমান কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান জানান, রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ঈদে মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে, বুধবার বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বেলা ১২টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ওই ভবনে নিজের দফতরে পৌঁছান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।