এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। কোনো সরকারের আমলেই দুর্নীতি কমেনি। বরং দুর্নীতির প্রশ্নে সবার মধ্যে এক ধরনের ঐক্য ছিল।” তিনি আরও বলেন, বর্তমানে যাদের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন, তখনই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যদি আবার দুর্নীতি চান, তাহলে সেখানে ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চান, তাহলে ১১ দলীয় জোটে ভোট দিন।”
জামায়াতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “জামায়াতে ইসলামী দুর্নীতি, হত্যা ও নৈরাজ্যের রাজনীতি করে না। আমরা নৈরাজ্যের রাজনীতি চাই না।”
এ সময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।