পেঁয়াজের বাজারে আবারও সিন্ডিকেটের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে— এমনই অভিযোগ ভোক্তাদের। গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বেড়েছে লাগামহীনভাবে, যা সাধারণ ক্রেতাদের বেকায়দায় ফেলেছে। অন্যদিকে, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরছে বাজারে।
মাত্র চার-পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগেও যেখানে দাম ছিল ৭৫–৮০ টাকা, সেখানে এখন বাজারে মানভেদে ১১০–১২০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহে ঘাটতি না থাকলেও হঠাৎ এই দামবৃদ্ধিতে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ তুলেছেন খুচরা বিক্রেতারা।
খুচরা বিক্রেতারা বলছেন,
“মজুদ ভালো থাকলেও পাইকারি বাজারে রাতারাতি দাম বাড়ানো হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা।”
এদিকে, দেশি মশুর ডালের দামও বেড়েছে হু হু করে। মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি দাম বেড়েছে ২০–২৫ টাকা। এখন বাজারে দেশি মশুর ডাল বিক্রি হচ্ছে ১৫০–১৬০ টাকায়, যা ক্রেতাদের নাভিশ্বাস তুলেছে।
তবে সবজির বাজারে রয়েছে কিছুটা স্বস্তি। নতুন শীতকালীন সবজি আসতে শুরু করায় অনেক সবজির দাম কমতে শুরু করেছে।
গোল বেগুন, টমেটো ও গাজরের দাম এখনও শতক ছাড়ালেও অন্যান্য সবজি এখন ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন,
“দু’সপ্তাহের মধ্যে শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়বে। ফলে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।”
পেঁয়াজ ও ডালের বাজারে অস্বাভাবিক দামবৃদ্ধি সাধারণ মানুষের ওপর চাপ বাড়ালেও, সবজির বাজারে স্বস্তির বার্তা দিচ্ছে নতুন মৌসুমের ফসল। তবে ভোক্তারা চাইছেন, সরকার যেন দ্রুত বাজার তদারকিতে নামে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়।