পাকিস্তান ও ভারতের ক্রিকেটারদের মধ্যে এবার কি হ্যান্ডশেক হবে—এই প্রশ্ন ঘিরে উত্তেজনা তুঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের বহুল প্রতীক্ষিত ম্যাচ সামনে রেখে বিষয়টি আবার আলোচনায় এসেছে।
গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হলেও দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি। পহেলগাম হামলার ঘটনার পর ভারত পাকিস্তানকে দায়ী করে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানায়। ওই ঘটনার রেশ এখনও কাটেনি। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণের আনুষ্ঠানিকতা নিয়েও জটিলতা তৈরি হয়, যার ফলে ট্রফিটি এখনও দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে রয়েছে।
পাকিস্তানের অভিযোগ, ভারত ক্রিকেটের ভেতরে রাজনীতি টেনে আনে। সাম্প্রতিক সময়ে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি বাংলাদেশে অনুষ্ঠিতব্য একটি ইভেন্টে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকে বাদ দেয়—এমন ঘটনাও দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও জটিল করে তোলে।
এই পরিস্থিতিতে পাকিস্তান শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানালেও, পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রতিনিধি দল লাহোরে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে খেলতে রাজি করায়।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আগামীকাল কলম্বোয় মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন—হ্যান্ডশেক হবে কি না?
এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা-কে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন,
‘ব্যাপারটা আমরা আগামীকাল দেখব।’
তিনি আরও বলেন, ক্রিকেট সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই হওয়া উচিত।
‘খেলাটি ভালো মানসিকতা ও ইতিবাচক চেতনা নিয়ে খেলা দরকার। আমি ব্যক্তিগতভাবে কী বিশ্বাস করি, সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট যেভাবে শুরু থেকে খেলা হয়ে আসছে, সেভাবেই খেলা উচিত।’
Leave a Reply
You must be logged in to post a comment.