আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নানা দিক থেকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য সরকার ও রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, অপতথ্য মোকাবেলায় সরকারের সক্ষমতা সীমিত হলেও অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, ভারতীয় কিছু গণমাধ্যম নিয়মিত বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
তিনি আরও বলেন, শুধু বিদেশি গণমাধ্যম নয়, দেশীয় পর্যায়েও অনেক ব্যক্তি নাম-বেনামে ইউটিউব চ্যানেল খুলে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে।
শফিকুল আলম বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগ জরুরি। মিথ্যা সংবাদ বা অপতথ্যের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনি ব্যবস্থার সুযোগ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।