ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে—এমন ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় আয়োজিত ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন,
‘যুবক বন্ধুরা, তোমরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা নাহিদ ইসলামকে এখানে প্রার্থী করেছি। ইনসাফের বাংলাদেশের পক্ষে যদি জনগণের রায় আসে, তাহলে সেই সরকারে তোমরা অবশ্যই নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখতে পাবে। আমরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করব। এই নাহিদ ইসলামরা আগামী দিনের বাংলাদেশ নামের জাহাজের ক্যাপ্টেন হবে, আর আমরা পেছনের সিটে যাত্রী হিসেবে থাকব। আমরা বিশ্বাস করি, এরা বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে।’
তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে কেউ ঠেকাতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। তবে অতীতের নেতৃত্বের ব্যর্থতার কারণ তুলে ধরে তিনি বলেন,
‘আগের অনেক নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার শপথ তারা নেয়নি, দেশের প্রতি দায়বদ্ধতাও ছিল না। এজন্যই বাংলাদেশ কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি। আমরা আশা করি, যুবসমাজ আমাদের হতাশ করবে না; বরং আমাদের সামনে রেখে দেশকে এগিয়ে নেবে।’
সারা দেশে রাজনৈতিক সচেতনতা বেড়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন,
‘বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল ভূমির প্রতি ইঞ্চিতে এবং ১৮ কোটি মানুষের প্রত্যেকের হকের ওপর আমরা পাহারাদারি করব। কারও সঙ্গে বেইমানি করব না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি—এই দেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হব আমরা। আমরা দেশের মালিক হব না, আমরা হব জনগণের সেবক।’
তিনি আরও বলেন,
‘আমরা এমন কোনো আশ্বাস দেব না, যা বাস্তবায়ন করতে পারব না। ইনশাআল্লাহ, আল্লাহর ওপর ভরসা করে যা বলব, তা জানপ্রাণ দিয়ে বাস্তবায়নের চেষ্টা করব। যেভাবে জুলাই আমাদের সহযোগীরা জানপ্রাণ দিয়ে সফল করেছে, ঠিক সেইভাবেই আগামীর দায়িত্বও আমরা পালন করব।’
সবশেষে ডা. শফিকুর রহমান বলেন,
‘আসুন, বেইনসাফিমুক্ত, জুলুমমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত, মামলাবাজমুক্ত ও আধিপত্যবাদমুক্ত একটি ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।’
Leave a Reply
You must be logged in to post a comment.