আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে তৈরি হওয়া সব ধরনের অনিশ্চয়তার অবসান ঘটিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করার পরপরই তাদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর পর্যন্ত গড়াবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘১৮০ দিন ক্ষমতায় থাকার বিষয়টি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এমন কোনো সুযোগ বা পরিকল্পনা সরকারের নেই। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে, যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রের দায়িত্ব ও আমানত হস্তান্তর করা।’
গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনব্যবস্থা যেভাবে পরিচালনা করেছে, তার চূড়ান্ত মূল্যায়ন জনগণই করবে উল্লেখ করে শফিকুল আলম জানান, এই সময়ে উপদেষ্টা পরিষদের মোট ৬৮টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এসব বৈঠকে ৫২৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার সিংহভাগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি সরকার এ সময়ের মধ্যে ১১৬টি অধ্যাদেশ জারি করেছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রণয়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ভোক্তা স্বার্থে নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর কথাও তুলে ধরেন। শফিকুল আলম জানান, এলপি গ্যাসের দাম সহনীয় রাখতে স্থানীয় উৎপাদন পর্যায় ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে কেবল আমদানি পর্যায়েই ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে। এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে সরকার।
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি অফিস সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান প্রেস সচিব। নতুন সময়সূচি অনুযায়ী, রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোহরের নামাজ আদায়ের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ বছর একুশে পদকপ্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়। তাদের মধ্যে রয়েছেন— স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ব্যান্ড ওয়ারফেজ, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও গুণীজন।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রেস সচিব বলেন, ‘এবারের নির্বাচন পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে—এটাই সরকারের মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
Leave a Reply
You must be logged in to post a comment.