নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার । বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনোভাবেই দীর্ঘদিন ক্ষমতায় থাকার পক্ষপাতী নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়াই তাদের মূল লক্ষ্য। নির্বাচন শেষে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কথা বলেন। তিনি দাবি করেন,
‘গত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে আমার নামে ক্ষেপণাস্ত্র হামলার মতো ভয়ংকর খবর ছড়ানো হয়েছে। এসব সম্পূর্ণ মিথ্যা। আমার আইডি হ্যাক করে যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই এসব অপপ্রচার চালিয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, যারা জনগণের সরকার চায় না এবং দেশকে পরাধীন করে রাখতে চায়, তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করছে।
‘যারা আমার এক্স আইডি হ্যাক করে অপপ্রচার চালিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিয়েছি,’— বলেন তিনি।
নওগাঁবাসীর উদ্দেশে বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন,
‘ক্ষমতায় গেলে নওগাঁ শহরের সড়কগুলো চার লেনে উন্নীত করা হবে। এখানে একটি মানসম্মত মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানীতে পরিণত করা হবে।’
তিনি জানান, আম ও লিচু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করে এসব পণ্য বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
অতীত সরকারের সমালোচনা করে তিনি বলেন,
‘মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। এই অর্থের প্রকৃত মালিক জনগণ। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে আর কাউকে লুটপাট করতে দেওয়া হবে না।’
শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন,
‘ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া বিনামূল্যে করা হবে। যুবসমাজ বেকার ভাতা চায় না, তারা কাজ চায়। আমরা যুবকদের হাত কাজ দিয়ে ভরে দেবো।’
বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন ও দ্রুত ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতেই দেশের ভবিষ্যৎ নিরাপদ— এমন বার্তাই উঠে আসে এই সমাবেশ থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.