1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নির্বাচনের কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে: তারেক রহমান

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন,
‘নির্বাচনের আগেই যারা মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কী করবে—তা জনগণ বুঝে গেছে। যারা আজ কথা বলছে, তাদের ১৯৭১ সালেই দেশের মানুষ দেখেছে।’

দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন,
‘মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতির চেষ্টা চলছে। যারা আগে পালিয়ে গিয়ে ভোট ডাকাতি করেছিল, তারাই আবার একই ধরনের ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

সবাই ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন,
‘জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনা করবে বিএনপি।’

বিগত ১৬ বছরে মানুষের রাজনৈতিক ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন,
‘গত ১৬ বছর আমরা বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ হারিয়েছি। এই সময় দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। তাই বলেছি—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, উন্নয়নের নামে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিএনপি সেই অবস্থার পরিবর্তন করতে চায়।

লাখো মানুষের এই সমাবেশের পেছনে ত্যাগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন,
‘২০২৪ সালে হাজারো মানুষ জীবন দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেছে। ৫ আগস্ট জনগণ আবার স্বাধীনতাকে রক্ষা করেছে।’

ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন,
‘টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথ আমরা পেরিয়েছি। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে।’

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর সিলেটে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন তিনি।

এর আগে বুধবার রাতে আকাশপথে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান। পরে তিনি দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে যান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss