1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে।”

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অংশ। “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার ভালো কাজ করতে পারবে শুধুমাত্র তখনই যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।”

তিনি উল্লেখ করেন, প্রত্যেক রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে ভোট দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতির অনুযায়ী কাজ করা প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর কর্তব্য। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বলেন, “তারা যেন নিরাপদ বোধ করেন। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে নিশ্চয়ই এ লক্ষ্য অর্জন করতে পারব।” এছাড়া দেশের থেকে দুর্নীতি দূরীকরণেও কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য। এছাড়া রাষ্ট্র ও দেশের স্বার্থে সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন, যাতে জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় আনা যায়।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান এবং মাহ্‌দী আমিন

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে একটি উপস্থাপনা দেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দফতর সংস্থার প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরাও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss