নওগাঁর মহাদেবপুর উপজেলায় সবজিবাহী চার্জার ভ্যানে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। আহত হয়েছেন একই গ্রামের রমেসের ছেলে সামন্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক (রংপুর মেট্রো-ট-১১০০০৪) পেছন দিক থেকে ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় একটি ভ্যান রাস্তার পাশে ছিটকে পড়ে এবং অন্যটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত আরও চারজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকেই ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম, আর স্থানীয়দের মধ্যে সড়ক নিরাপত্তা ও বেপরোয়া ট্রাক চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।