‘ধর্মীয় বিভাজন’ নিয়ে করা মন্তব্যের কারণে নতুন করে বিতর্কে জড়িয়েছেন অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান। এই বিতর্কের মধ্যেই জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হন এ আর রহমান। বিষয়টি ভালোভাবে নেননি বিজেপি নেতা নীতেশ রানে।
নীতেশ রানের অভিযোগ, এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এমন অবস্থায় তাকে একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ঠিক হয়নি বলে মনে করেন তিনি।
এক বিবৃতিতে নীতেশ রানে বলেন, তারা বিনোদনের স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে সবার আগে গুরুত্ব দিতে হবে জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে। কৌতুক বা বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সামাজিক সংহতির সঙ্গে আপস করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান দাবি করেন, ‘ধর্মীয় বিভাজন’-এর কারণে গত আট বছরে তিনি একাধিক কাজ হারিয়েছেন। তার এই মন্তব্য ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক।
সমালোচনার মুখে পড়ে পরে একটি পোস্টে এ আর রহমান জানান, তিনি সবসময় সংগীতের মাধ্যমে ভারতের সংস্কৃতিকে সম্মান জানিয়ে এসেছেন। কোনো বিশেষ গোষ্ঠীকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না এবং তিনি একজন গর্বিত ভারতীয় হিসেবে দেশটির স্বাধীনতা উপভোগ করেন।
তবে নেটিজেনদের একটি অংশের দাবি, প্রবল সমালোচনার চাপে পড়েই এ আর রহমান এমন ব্যাখ্যা দিয়েছেন।