টানা ছয় দফা বাড়ার পর এক দফা কমলেও ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও বড় লাফ দিয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
এই মূল্য নির্ধারণের মধ্য দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর সোয়া ১২টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে পরিবর্তন হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫৫,৬১৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৪,০১১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০৯,১৩৬ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭১,৮৬৯ টাকা
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
এর আগে সর্বশেষ ২২ জানুয়ারি রাতে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। সেই দাম কার্যকর হয়েছিল ২৩ জানুয়ারি থেকে, তবে দিনের অর্ধেক সময়ও টেকেনি।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বেড়েছে এবং ৩ বার কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—
২২ ক্যারেট রূপা: প্রতি ভরি ৬,৩৫৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৬,০৬৫ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ৫,১৯০ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩,৯০৭ টাকা