দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
বুধবার (২৮ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট: ২,৬৯,৭৮৮ টাকা
২১ ক্যারেট: ২,৫৭,৪৮৩ টাকা
১৮ ক্যারেট: ২,২০,৭৪১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৮১,৭২৫ টাকা
স্বর্ণ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১২ বার দাম বেড়েছে এবং ৩ বার কমানো হয়েছে।
২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—
২২ ক্যারেট রুপা: ৭,৭৫৭ টাকা
২১ ক্যারেট রুপা: ৭,৪০৭ টাকা
১৮ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা
সনাতন পদ্ধতি: ৪,৭৮২ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১১ বার সমন্বয় করা হয়েছে—যেখানে ৮ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।
২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার—এর মধ্যে ১০ বার বেড়েছিল, কমেছিল ৩ বার।