1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত, চরমোনাই পীরের অভিযোগ

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে এসেছে এবং নিজেদের ন্যায়ের প্রতীক দাবি করছে, বাস্তবে তাদের এক পাল্লায় রয়েছে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত। বাংলাদেশের মানুষ আমেরিকা বা ভারতের ইনসাফ নয়, ইসলামের ইনসাফ দেখতে চায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় জামায়াতে ইসলামীর প্রতীক ও তাদের ভূ-রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়ে চরমোনাই পীর বলেন,
“স্বার্থান্বেষী মহল আজকে দাঁড়িপাল্লা নিয়ে এসে বলছে ন্যায় ও ইনসাফের প্রতীক। কিন্তু দাঁড়িপাল্লার দুই পাল্লায় আমরা কী দেখি? এক পাল্লায় গোপনে আমেরিকা, আরেক পাল্লায় গোপনে ভারত। আমরা আমেরিকার ইনসাফ চাই না, ভারতের ইনসাফ চাই না—আমরা ইসলামের ইনসাফ চাই।”

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেই নির্ধারিত হবে কে সরকার গঠন করবে এবং কোন আইনে দেশ চলবে। এ নির্বাচন বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে তিনি বলেন,
“বিএনপি, তাদের জোট কিংবা জামায়াত—কেউই বলেনি তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে। তারা স্পষ্ট বলেছে, প্রচলিত আইন অনুযায়ী দেশ চালাবে। শফিকুর রহমান সাহেব দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন, কিন্তু তারাও ইসলামি শাসনের ঘোষণা দেননি। একমাত্র ইসলামী আন্দোলন ও আমাদের প্রার্থী আব্দুল মালেক আনওয়ারী হাতপাখা প্রতীকে ঘোষণা দিয়েছেন—আল্লাহ কবুল করলে আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব।”

বিগত ৫৪ বছরের রাজনীতির সমালোচনা করে চরমোনাই পীর বলেন, প্রচলিত আইনব্যবস্থার কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই আইনের কারণেই দেশ থেকে টাকা পাচার হয়ে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে এবং দেশের নীতিনির্ধারণ হয়েছে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষ ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ প্রত্যাশা করেছিল, কিন্তু স্বার্থান্বেষী মহল সেই পরিবেশ তৈরি হতে দিচ্ছে না।

প্রতিশোধের রাজনীতির অবসানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,
“আমরা দেখেছি, আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে ঘর ছাড়তে হবে না। সবাই শান্তিতে বসবাস করতে পারবে।”

বাউফলকে ইসলামের ঘাঁটি উল্লেখ করে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে তিনি বলেন,
“তোমাদের প্রথম ভোটটা যেন ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে এবং হাতপাখা প্রতীকের পক্ষে হয়।”

সমাবেশে তিনি ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মালেক আনওয়ারীর পরিচয় করিয়ে দেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss