কিংবদন্তি অধিনায়ক অ্যালিসা হিলির অবসর ঘোষণার পর তিন ফরম্যাটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে বোলিং অলরাউন্ডার সোফি মোলিনিউক্সকে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট—তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে মনোনীত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
২৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। এতদিন সহ-অধিনায়কের দায়িত্বে থাকা তালিয়া ম্যাকগ্রাথকে টপকে তাকে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। ম্যাকগ্রাথ থাকছেন সহ-অধিনায়ক হিসেবেই। আরেক অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাশলি গার্ডনারকে করা হয়েছে দ্বিতীয় সহ-অধিনায়ক।
অধিনায়কত্ব পেয়ে মোলিনিউক্স বলেন,
“অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া আমার জন্য বিশাল সম্মানের। বিশেষ করে অ্যালিসা হিলির পর এই দায়িত্ব পাওয়া গর্বের বিষয়। তিনি দল ও নারী ক্রিকেটে যে প্রভাব রেখেছেন, তা অসাধারণ।”
তিনি আরও বলেন,
“দলে অনেক প্রাকৃতিক নেতা আছেন এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়ও উঠে আসছে। দলের যে পরিচয় আমাদের আলাদা করে, সেটি ধরে রেখে আরও উন্নতি করতে আমরা একসঙ্গে কাজ করব।”
চোটের কারণে ২০২৪ সালের পর থেকে মোলিনিউক্স টি-টোয়েন্টি কিংবা টেস্ট খেলতে পারেননি। হাঁটুর ইনজুরির কারণে তাকে দীর্ঘদিন সতর্কভাবে ব্যবহার করা হয়েছে। এমনকি মেলবোর্ন রেনেগেডসের হয়ে পুরো একটি বিগ ব্যাশ মৌসুমও খেলেননি তিনি। তবু ২০২৪–২৫ মৌসুমে রেনেগেডসকে শিরোপা এনে দেওয়ার সাফল্যই তাকে জাতীয় দলের অধিনায়ক হওয়ার পথে এগিয়ে দিয়েছে।
ফেব্রুয়ারির মাঝামাঝি ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মোলিনিউক্স। এরপর বিদায়ী ওয়ানডে সিরিজ ও মার্চের শুরুতে ওয়াকা গ্রাউন্ডে শেষ টেস্টে আবার অধিনায়কের দায়িত্বে ফিরবেন অ্যালিসা হিলি। ক্যারিবিয়ান সফর থেকেই তিন ফরম্যাটে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন মোলিনিউক্স।
জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, ইনজুরির ইতিহাসের কারণে মোলিনিউক্স সব ম্যাচ খেলবেন না, তবে গুরুত্বপূর্ণ সিরিজ ও বড় টুর্নামেন্টে তাকেই নেতৃত্ব দেওয়া হবে।
তিনি বলেন,
“আমরা সোফির কাজের চাপ নিয়ন্ত্রণ করব এবং বড় আন্তর্জাতিক সিরিজকে অগ্রাধিকার দেব।”
এদিকে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পাননি লেগস্পিনার আলানা কিং। দীর্ঘদিন পর সাদা বলের দলে ফিরেছেন অলরাউন্ডার নিকোলা কেরি। অভিজ্ঞ পেসার মেগান শাট ওয়ানডে ও টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টন।
সিরিজ শুরুর আগে গভর্নর-জেনারেলের একাদশ ভারতের বিপক্ষে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ১৩ ফেব্রুয়ারি। মূল সিরিজ শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।